Tuesday, 19 January 2016

আমার গাঁ ও সবজ ছায়া
ঐ যে দূরে সবুজ ছায়ায়, ছোট্ট আমার গ্রাম,
সামনে দিয়ে অজয় নদী, বইছে অবিশ্রাম।
আমার গাঁয়ের পশ্চিম দিকে, কাঁটা কুলের বন,
ভোরের বেলা মোরগ ডাকে, ভরে উঠে মন।

আমার গাঁয়ের উত্তর দিকে, তাল খেজুরের সারি,
পূবের পানে, সবুজ খেত, দেখতে সুন্দর ভারি।
আমার গাঁয়ের দক্ষিণ দিকে, অজয় নদী বয়,
নদীর ঘাটে, সরু বালুচরে, নৌকা বাঁধা রয়।

আমার গাঁয়ে রাঙামাটির, লাল ধূলো সরানে,
একতারাতে, মিঠে সুর, আছে বাউল গানে।
আমার গাঁয়ে, আমবাগানে, কোকিল পাখি ডাকে,
পল্লীবধূ যায় জল আনতে, কলসি নিয়ে কাঁখে।

সুর্য্যি ডোবে, সন্ধ্যা আসে, নামে সাঁঝের আঁধার,
জোছনায় আলো ঝরে, আমার গাঁয়ের চারিধার।

Tuesday, 12 January 2016

টুসুর গান (গীতি কবিতা)
টুসু, করি গো মানা,
একা একা বাইরে কুথাও যেো না।
টুসু করি গো মানা..............

পৌষ মাসে টুসু পূজা
করি আমরা সকলে,
মকর সংক্রান্তি দিনে
চান করি নদীর জলে।

টুসু, করি গো মানা,
একা একা বাইরে কুথাও যেো না।
টুসু করি গো মানা..............

ওপর পাড়া, নামু পাড়া,
এপাড়াতে গোল হছ্যে,
আমার টুসু হল্লা শুনে,
হু হু করে কান্দিছ্যে।

টুসু, করি গো মানা,
একা একা বাইরে কুথাও যেো না।
টুসু করি গো মানা..............

চল টুসু চল খেলতে যাব,
অজয় নদীর কিনারে,
সাবধানে আসবি টুসু,
বাঘ আছে ঐ বন-বাদাড়ে।

টুসু, করি গো মানা,
একা একা বাইরে কুথাও যেো না।
টুসু করি গো মানা..............

আমার টুসু ছোটু ছ্যেইল্যা,
একলা যেতে পারে না।
একলা কুথাও যেওনা টুসু,
একলা যেতে মানা।

টুসু, করি গো মানা,
একা একা বাইরে কুথাও যেো না।
টুসু করি গো মানা..............

চল টুসু চল ঘুরতে যাব,
রানীগঞ্জর জোড় বড়তলা,
অমনি পথে দ্যাখাই আনব
কয়লা খাদের জল তোলা।

টুসু, করি গো মানা,

একা একা বাইরে কুথাও যেো না।



বিশ্ব কবিতা দিবসে



কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

কুয়াশা ঝরা শীতের সকালে,
অঝোরে বৃষ্টি ঝরে,
কবির লেখনী ক্লান্ত আজিকে,
হাত হতে যায় সরে।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

কাব্যের সুরে লালিত্য ঝংকার,
রচিছে আশার প্রাসাদ।
কাব্যের কড়া হাতুড়ির আঘাতে,
খসে পড়ে বুনিয়াদ।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

উষর মরূর তরুর শাখায়
শুনি প্রভাত পাখির গান।
কবিতার পাতায় বিদ্রোহ আজ,
লালকালিতে দাও টান।

কবি আমি কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,
আসুক নতুন ভোর।

ভেঙে গেছে আজ দেশ,
মরে গেছে মানুষের মন।
দিকে দিকে বিদ্রোহ তাই,
জাগো এবার জনগণ।

কবি আমি, কবিতা লিখি,
পুরিল না আশা মোর।
বিশ্ব কবিতা দিবসে এবার,

আসুক নতুন ভোর।








মোদের গাঁয়ে

মোদের গাঁয়ে, তরুর ছায়ে, ছোট ছোট মাটির ঘর,
গাঁয়ের পাশে, ছোট নদী এক, বয়ে চলে নিরন্তর।
পাঠশালে সব, করে কলরব, ছোট ছোট শিশুগণ,
ছুটির পরে, ফিরে আসে ঘরে, পাঠ করি সমাপন।

মোদের গাঁয়ে, রাস্তার বাঁয়ে, তাল পুকুরের ধারে,
ফিঙেরা নাচে, বটের গাছে, বক বসে নদী পারে।
দুপুর বেলায়, মোদের গাঁয়, গাঁয়ের যত ছেলে,
পুকুরঘাটে, সাঁতার কাটে, দিঘির শীতল জলে।

গাঁয়ের ছেলে, ফুটবল খেলে, ফকিরডাঙার মাঠে,
খেলার শেষে, বাড়ি ফিরে আসে, সূর্যি বসে পাটে।
সন্ধে বেলায়, প্রদীপ জ্বালায়, গাঁয়ের নতুন বধূ,
বাসায় ফেরে, ক্লান্ত পাখিরা, করে কলবর শুধু।

মোদের গাঁয়ে, আঁধার নামে, দিন শেষে রাত আসে,

কুয়াশা ঝরা, শীতের রাতে, হিম পড়ে সবুজ ঘাসে।